×

রক্তদানের আগে যে বিষয়গুলো জানা জরুরি

সংবাদ প্রতিনিধি ১০:৪৩ মিঃ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯ Views : 1397

রক্তদান, রক্ত পরিসঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশন চিকিৎসাবিজ্ঞানের এক অভাবনীয় সাফল্য। রক্তদানের ফলে বাঁচছে অসংখ্য প্রাণ, কমছে মৃত্যুর হার। তবে রক্তদানের ব্যাপারে কয়েকটি বিষয় না জেনে নিলে দেখা দিতে পারে নানা জটিলতা। ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা না করে রক্ত নিলে অনেকসময় বিভিন্ন সংক্রামন ও মারাত্নক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি মৃত্যুও হতে পারে। এ কারণে রক্তদানের আগে কয়েকটি বিষয় জানা জরুরী। চলুন সেগুলো জেনে নেই-

  • রক্তদান বা ট্রান্সফিউশনের পূর্বে অবশ্যই কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নেয়া প্রয়োজন। প্রথমে রক্তদাতার ব্লাড গ্রুপিং করে রোগীর ব্লাড গ্রুপের সাথে মেলাতে হবে। এরপর ক্রসম্যাচিং করতে হবে। অনেকেই ক্রসম্যাচিং ব্যাপারটা হালকাভাবে দেখেন এবং অবহেলায় বাদ দিয়ে যান। অথচ এটা না করলে রক্ত নেয়ার পরে রোগীর শরীরে এনাফাইল্যাক্টিক রি-অ্যাকশন হতে পারে। যার ফলে মৃত্যুও হতে পারে।
  • হেপাটাইটিস-বি ও সি, এইচআইভি, টাইফয়েড, কালাজ্বর, ম্যালেরিয়া ইত্যাদি রোগের জীবাণু সহজেই রক্তের মাধ্যমে মানবদেরহে প্রবেশ করতে পারে। তাই রক্ত নেয়ার আগে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে রক্তে এসব রোগের জীবাণু আছে কি না তা নিশ্চিত হয়ে নিতে হবে।
  • রক্তদাতার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। ইদানিং যারা নেশা করে তাদের মধ্যে রক্ত বিক্রি করে নেশার টাকা জোগাড় করার একটা প্রবণতা দেখা যায়। এব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই মাদকাসক্ত বা নেশাখোরের রক্ত গ্রহণ করা যাবে না।
  • রক্তদাতার বয়স অবশ্যই ১৮-৬০ বছরের মধ্যে এবং ওজন কমপক্ষে ৫০ কেজি বা ১০০ পাউন্ড হতে হবে। তার রক্তচাপ হতে হবে স্বাভাবিক।
  • একবার রক্ত দেয়ার তিন মাসের মধ্যে রক্তদান করা যাবে না। ছয় মাসের মধ্যে কোন ভ্যাক্সিনও গ্রহণ করা যাবে না।
  • মহিলাদের ক্ষেত্রে মাসিক চলাকালীন বা গর্ভকালীন সময়ে রক্ত দেয়া যাবে না।

উপরের কথাগুলো সঠিকভাবে অনুসরণ করলেই কেবল সফল ব্লাড ট্রান্সফিউশন সম্ভব। তা না হলে ট্রান্সফিউশন পরবর্তী নানা ধরনের জটিলতা ও বিপদের সম্মখীন হতে হবে।